‘আমাদের এত টাকা কই?’ ২১ জুলাই ভার্চুয়াল ‘শহিদ দিবস’ পালন নিয়ে বললেন তৃণমূলনেত্রী

Web Desk: বিজেপির পাল্টা এবার ভার্চুয়াল জনসভার ভাবনায় তৃণমূলও। সামনেই ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস। ফি বছর এই দিনে বড় করে সমাবেশের আয়োজন করে রাজ্যের শাসকদল। জেলা থেকে কাতারে কাতারে সেই সমাবেশে যোগ দিতে আসেন তৃণমূলের কর্মী সমর্থকরা। কিন্তু এবার করোনার জেরে গোটা পরিস্থিতিটাই বদলে গিয়েছে। করোনার সতর্কতায় নিষিদ্ধ ভিড়, জমায়েত, সমাবেশ। তাহলে এবার ২১ জুলাই কী হবে? ২১ জুলাই কি হবে না? এমন প্রশ্ন যখন সবার মনেই উঁকি দিচ্ছে, তখনই তাঁর জবাব দিলেন তৃণমূলনেত্রী।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২১ জুলাই তৃণমুল কংগ্রেসের শহিদ দিবসের জমায়েত ভার্চুয়াল করা হবে কি না সেটা দলীয় স্তরে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এটা করতে গেলে কোটি কোটি টাকা প্রয়োজন। ওদের সেই টাকা আছে। আমাদের এত টাকা কোথায়? আমরা কিছু ভিডিয়ো কনফারেন্স করেছি। কিন্তু তাতে তো এত টাকা লাগে না!”
এখানে বলে রাখি, আগামিকাল মঙ্গলবার, ৯ জুন ফেসবুক-ইউটিউবে রাজ্যব্যাপী ভার্চুয়াল জনসভার ডাক দিয়েছে বিজেপি। যাঁর প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফেসবুক ও ইউটিউবে আগামিকাল কার্যত ‘ব্রিগেড চলো’র ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। দলীয় কর্মী, সমর্থক থেকে সাধারণ মানুষের কাছে বিজেপির আবেদন, ‘দলে দলে যোগ দিন’। করোনা থাকলেও বিজেপির ফোকাসে যে ২০২১-এর বিধানসভা নির্বাচন তা মঙ্গলবারের কর্মসূচি থেকেই স্পষ্ট। ‘আত্মনির্ভর ভারত’-এ করোনা-সোশ্যাল ডিস্ট্যান্সিং জনসংযোগের ক্ষেত্রে যে কোনও বাধা হয়েই দাঁড়াবে না, সেই বার্তা-ই যেন দিতে চাইছে বিজেপি শিবির।Reporter Aniruddha Benerjee

মহিলা ISI এজেন্টের জালে ফেঁসে সেনার তথ্য পাচার, রাজস্থান পুলিসের জালে ২ পাক চর

Web Desk: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে চরবৃত্তি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও ২ যুবক। সোমবার সিভিল ডিফেন্সে কর্মরত ২ কর্মীকে গ্রেফতার করল রাজস্থান পুলিস।
লখনউয়ের সেনা গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে রাজস্থান পুলিসের জালে ধরা পড়েছে বিকাশ কুমার(২৯) ও চিমন লাল(২২) নামে দুই যুবক। বিকাশ কাজ করতো জয়পুরে সেনার অস্ত্র ডিপোয়। অন্যদিকে, চিমন লাল কর্মরত ছিল মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে। টাকার বিনিময়ে এরা পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছে সেনার গুরুত্বপূর্ণ তথ্য সরবারহ করতো।
গতবছর অগাস্ট মাসে লখনউয়ের সেনা গোয়েন্দারা বিকাশ কুমারের চরবৃত্তির খবর টের পান। খবর নিয়ে দেখা যায় বিকাশ নিজের ও তার অন্যান্য ভাইদের অ্যাকাউন্টে আইএসআইয়ের কাছ থেকে টাকা নেয়। বিষয়টি রাজস্থান পুলিসকে জানান সেনা গোয়েন্দারা। শুরু হয় অপারেশন ডেজার্ট চেজ। বিকাশ ও চিমনের প্রতিটি পদক্ষেপ নজর রাখা শুরু হয়। দেখা যায় রাজস্থানে সেনার ওয়াটার ডিস্ট্রিবিউশন স্টেশনের ছবি-সহ অন্যান্য তথ্য পাঠিয়ে দিচ্ছে বিকাশ। শেষপর্যন্ত গ্রেফতার করা হয়ে বিকাশ ও চিমনকে।
ধৃতদের মধ্যে একজন মুলতানের এক মহিলা আইএসআই এজেন্টের সঙ্গে পরিচিত হয় ফেসবুকের মাধ্যমে। ওই মহিলা অশোকা চোপরা নামে একটি অ্যাকাউন্ট খোলে। নিজেকে ক্যান্টিন স্টোর জিপার্টমেন্ট্র কর্মী হিসেবে পরিচয় দেয়। এছাড়াও বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার জন্য বিকাশকে বলে। আসলে বিকাশকে হানি ট্রাপে ফাঁসিয়ে দেয় ওই মহিলা এজেন্ট।
জেরায় বিকাশ জানিয়েছেন সেনা সংক্রান্ত খবর দিয়ে সে ৭৫,০০০ টাকা পেয়েছে। এর মধ্যে ৯,০০০ দিয়েছে চিমনকে।
Reporter Aniruddha Benerjee

লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের, কবে পর্যন্ত? জানালেন মুখ্যমন্ত্রী

Web Desk:লকডাউনের সময়সীমা বাড়ছে পশ্চিমবঙ্গে। ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, পঞ্চম দফায় কেন্দ্রীয় সরকার ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। তাই রাজ্য সরকারও লকডাউনের সময়সীমা ১৫ জুন থেকে বাড়িয়ে ৩০ জুন করছে।
প্রসঙ্গত, এর আগে রাজ্য সরকারের তরফে ১৫ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল। ৩০ জুন পর্যন্ত লকডাউন থাকার পাশপাশি রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলাফেরা বারণ থাকবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বিয়েবাড়ি, ধর্মীয় স্থান, শ্রাদ্ধবাড়িতে সর্বাধিক ২৫ জন পর্যন্ত থাকতে পারবেন।
উল্লেখ্য, লকডাউনের পাশপাশি আনলক পর্ব শুরু হওয়ায় অনুষ্ঠানবাড়িগুলিকে ছাড় দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছিল ডেকরেটর্সরা।

Reporter Aniruddha Benerjee

আনলক ১.০ খুলে গেলো ভাগ্যদেবীর দোকান

Web Desk:কোরোনা হোক বা আমফানের হাত থেকে যাঁরা বেঁচে গেছেন বা বেঁচে রয়েছেন , তাঁরা সত্যিই ভাগ্যবান। সেই সব ভাগ্যবান মানুষদের জন্য আনলক ১.০ তে খুলে গেল ভাগ্যদেবীর দোকান।
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে কিছু মানুষ ফিরে পেলেন জীবিকার পথ। ভাগ্যদেবীর দোকান খোলার সাথে সাথে কিছু মানুষের আবার স্বপ্ন দেখা শুরু আবার কিছু মানুষের নিঃস্ব হওয়া শুরু। ডেইলি লটারী এখন কার ভাগ্য ফেরায় সেটাই দেখার।
Reporter Aniruddha Benerjee

কোয়ারেন্টাইন সেন্টারে সাপের কামড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের!

Web Desk: কোয়ারেন্টাইন সেন্টারে সাপের কামড়ে প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে বালুরঘাটের পাগলিগঞ্জে জেলা পরিষদ সোসাইটি মার্কেট কমপ্লেক্সে। মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম দিলীপ পণ্ডিত।

 জানা গেছে, কয়েকদিন আগে পুনে থেকে ফেরেন দিলীপ। সেখানে তিনি শ্রমিকের কাজ করতেন। ফেরার পর স্বাস্থ্য পরীক্ষা করতে স্থানীয় খাসপুর গ্রামীণ হাসপাতালে যান। সেখানে তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করায় হয়। চিকিৎসকেরা হোম কোয়ারেন্টাইন থাকার পরামর্শ দেন। তার টেষ্টের রিপোর্ট এখনও আসেনি। গ্রামে ফিরতেই বেঁকে বসেন গ্রামবাসীরা। তাঁরা সাফ জানিয়ে দেন, রিপোর্ট না-আসা পর্যন্ত এলাকায় ঢুকতে দেওয়া হবে না । বাধ্য হয়ে ফিরে যান। পরে পাগলিগঞ্জে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পরিত্যক্ত সোসাইটি মার্কেট কমপ্লেক্সের কোয়ারানটিন সেন্টারে ঠাঁই হয়, সেখানেই শুক্রবার রাতে সাপের কামড় খান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর যায় বাড়িতে। বাড়ি থেকে ঘটনাস্থলে আসেন দিলীপের পরিজন। পুলিশ এসে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে বালুরঘাট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।  
Reporter Aniruddha Benerjee

লকডাউন খুলতেই‌ শুরু হল আন্তঃরাজ্য লোকাল ট্রেন পরিষেবা!

Web Desk:লকডাউন খুলতেই‌ পরিবহন ব্যবস্থার সচল করতে  ওডিশায় শুরু হল অন্তঃরাজ্য ট্রেন পরিষেবা। ভুবনেশ্বরের সঙ্গে সংযোগরক্ষাকারী ৬টি গুরুত্বপূর্ণ এলাকায় আজ থেকে চালু হল যাত্রী পরিষেবা ট্রেনগুলি ভুবনেশ্বর থেকে যাবে সম্বলপুর, রৌরকেল্লা, ভদ্রক, কোরাপুট, কোরাপুট বেরহামপুর ও বলাঙ্গির পর্যন্ত। তবে পশ্চিমবঙ্গে কবে থেকে ট্রেন চলাচল শুরু হবে তা জানা যায়নি।

রেলের টিকিট পাওয়া যাচ্ছে IRCTC-র ওয়েবসাইট থেকে পাশাপাশি  বিভিন্ন রেলস্টেশনে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের কাউন্টার থেকে মিলছে টিকিট। ইস্ট কোস্ট রেলের এক আধিকারিক জানিয়েছেন, কনফার্ম টিকিট থাকলে তবেই ট্রেনে চড়তে দেওয়া হবে যাত্রীদের। রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘একটি বার্থে একজনই যাত্রী থাকবেন। কম্পার্টমেন্টে ভিড় হতে দেওয়া যাবে না। ট্রেনে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে।’  শনি ও রবিবার কোনও লোকাল ট্রেন চলবে না।  Reporter Aniruddha Benerjee

করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ‘গরীবের ডাক্তার’

Web Desk: মারণ ভাইরাস করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এলাকায় তিনি ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত ছিলেন। রবিবার বাংলাদেশের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হসপিটাল কতৃপক্ষ।

মৃত পল্লী চিকিৎসকের নাম চিত্তরঞ্জন দেবনাথ (৬৫)। তিনি চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সদরঘাট কালীবাড়ি এলাকায় পরিবার নিয়ে থাকতেন। পটিয়া উপজেলার পাচুরিয়া গ্রামে তিনি পল্লী চিকিৎসক হিসেবে রোগীদের সেবা দিতেন।

হসপিটাল কতৃপক্ষ জানিয়েছেন, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ৫ জুন তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার তাকে আইসিইউতে নেওয়া হয়। রবিবার সকাল ৭টায় তার মৃত্যু হয়েছে।  

 পটিয়া উপজেলা পাচুরিয়া গ্রামের বাসিন্দা কাফকো কলেজের সহকারী অধ্যাপক নাজিম মুরাদ বলেন, ‘প্রায় তিন যুগ ধরে পাচুরিয়া গ্রামে চিকিৎসা দিয়ে আসছিলেন স্নাতকোত্তর ডিগ্রিধারী চিত্তরঞ্জন দেবনাথ। গ্রামে ধর্মবর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষের কাছে তিনি অসম্ভব জনপ্রিয় ছিলেন। গরীব-অসহায় মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দিতেন। এজন্য এলাকার মানুষ তাকে গরীবের ডাক্তার হিসেবে সম্বোধন করতেন। উনি মানুষের কাছে এতটাই জনপ্রিয় ছিলেন যে এলাকায় কোনো এমবিবিএস ডাক্তার চেম্বার খুললেও বেশিদিন থাকতে পারেননি। কারণ, রোগীরা পল্লী চিকিৎসক চিত্তরঞ্জন দেবনাথকে বাদ দিয়ে এমবিবিএস ডাক্তারের কাছে যেত না।’Reporter Aniruddha Benerjee

হিমাচলপ্রদেশে বোমা মেরে অন্তঃসত্ত্বা গরুর মুখ ক্ষতবিক্ষত করার অভিযোগ, পলাতক অভিযুক্ত, তদন্তে পুলিশ

Web Desk:বিলাসপুর: কেরলে হাতি হত্যার ঘটনার রেশ মেলানোর আগেই ফের এক নৃশংস ঘটনার খবর প্রকাশ্যে এল। এবার ঘটনাস্থল হিমাচলপ্রদেশের বিলাসপুর। ফসলের ক্ষেতে ঢুকে পড়ায় একটি অন্তঃসত্ত্বা গরুর মুখ লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল।
ঘটনাটি বিলাসপুর জেলার ঝান্ডুটা এলাকার। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেটিতে দেখা যাচ্ছে, বোমার আঘাতে গরুটির চোয়ালের অবস্থা ভয়ঙ্কর হয়েছে। ঝরঝর করে রক্ত পড়ছে। গরুটি বেশ কয়েকদিন কিছু খেতে পারবে না বলেই সকলের ধারণা। গরুটির মালিক গুরদয়াল সিংহকে প্রশাসনের কাছে সাহায্য চাইতেও দেখা গিয়েছে। পাশাপাশি তিনি দোষীদের কঠোর শাস্তি চেয়েছেন।
গুরদয়ালের অভিযোগ, তাঁর প্রতিবেশী নন্দলাল ইচ্ছাকৃতভাবে গরুটিকে আঘাত করেছেন। তাঁর আরও অভিযোগ যে, ঘটনার পর থেকে পলাতক নন্দলাল।
ঘটনাটি ১০ দিন আগের। অভিযুক্তের বিরুদ্ধে পশুদের ওপর নির্যাতন সংক্রান্ত ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কেরলে অন্তঃসত্ত্বা হাতি হত্যার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে। হাতিটিকে বোমায় ঠাসা আনারস খাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। একজনকে গ্রেফতারও করা হয়েছে। তবে কেরলের বন দফতরের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, আনারসটি ইচ্ছাকৃতভাবে হাতিটিকে খাওয়ানো হয়েছিল কি না তা এখনও নিশ্চিত নয়।
Reporter Aniruddha Benerjee

না ফেরার দেশে চুনিলাল

Web Desk:রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী চুনিলাল সিংহ রায় পরলোক গমন করেছেন। হুগলী জেলার হরিপালে নিজ বাস ভবনে আজ শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক‍্য জনিত রোগে ভুগছিলেন।
প্রবীণ এই স্বাধীনতা সংগ্রামী ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন ছাত্রাবস্থায়। ধনেখালীর ভান্ডারহাটি বি.এম ইনস্টিটিউশনের ক্লাস এইটের ছাত্র চুনিলাল সিংহরায় প্রফুল্ল সেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। সেই সময় কাজ ছিল আন্দোলনকারীদের কাছে গোপনে বুলেটিন পৌঁছে দেওয়া। এই কাজ শুধু তিনি একা নন সঙ্গে ছিলেন তাঁর আরো ২ দাদা পান্নালাল এবং জহরলাল। ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী চুনিলাল ও তাঁর ২ দাদা পান্নালাল এবং জহরলাল সিংহরায়কে স্বাধীনতা সংগ্রামীর স্বীকৃতি হিসাবে তাম্রপত্র দিয়ে সম্মানিত করেন। গত বছর আগষ্ট মাসে রাষ্ট্রপতি পুরষ্কারও পান।Reporter Aniruddha Benerjee

‘আমার নোবেল ফেরত দিতে হবে অমর্ত্য সেনকে’, হাওড়া ব্রিজের মাথায় উঠে বায়না মহিলার

Web Desk: “ছোটবেলায় আমি নোবেল পুরস্কার পেয়েছিলাম, যা এই মুহূর্তে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কাছে রয়েছে। তিনি অন্যায় ভাবে আমার নোবেল পুরস্কার নিজের বাড়িতে আটকে রেখেছেন”। এমনই উদ্ভট দাবি করে রবিবার হাওড়া ব্রিজের মাথায় উঠে রীতিমতো তুলকালাম বাধালেন বছর পয়ত্রিশের এক মহিলা। খবর পেয়ে উত্তর বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, দ্রুত পৌঁছে যায় দমকল বাহিনীও। অবশেষে ঘন্টা খানেকের প্রচেষ্টায় পুলিশ ও দমকলের তৎপরতায় নামানো সম্ভব হয় ওই মহিলাকে। এরপরই তাকে আটক করে নিয়ে যাওয়া হয় উত্তর বন্দর থানায়। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।Reporter Aniruddha Benerjee