অন্তর্বাসের মাপ ছোট! দর্জির বিরুদ্ধে অভিযোগ জানাতে সোজা থানায় ছুটলেন ‘প্রতারিত’

Web Desk: আপনার মোবাইল হারিয়ে গিয়েছে কিংবা ধরুন বাড়িতে চুরি হয়ে গিয়েছে। অথবা কেউ আপনাকে বিরক্ত করছে, তা নিয়ে পুলিশে অভিযোগ জানানোর ঘটনা নতুন কিছুই নয়। কিন্তু কোনও দর্জি অন্তর্বাস (Underwear) ছোট মাপের করে দিয়েছেন বলে কাউকে থানায় যেতে দেখেছেন কখনও? অবাক হচ্ছেন? ভাবছেন এ আবার হয় নাকি? ভোপালের ঘটনায় আপনার মতোই চক্ষু ছানাবড়া হয়েছিল পুলিশকর্মীদেরও।

ঘটনাটি গত বৃহস্পতিবারের। ভোপালের বাসিন্দা কৃষ্ণকুমার দুবে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন। তবে লকডাউনের (Lockdown) সময় সেই কাজও হারিয়েছেন তিনি। অত্যন্ত প্রয়োজনীয় কিছু সামগ্রী কেনার জন্য সম্প্রতি বন্ধুর থেকে এক হাজার টাকা ধার নিয়েছিলেন বছর ছেচল্লিশের ওই ব্যক্তি। সেই টাকা দিয়েই কিনেছিলেন ২ মিটার মাপের একটি কাপড়ও। সেই কাপড়টি দর্জিকে দিয়ে এসেছিলেন। বলেছিলেন, একটি অন্তর্বাস তৈরি করে দিতে। দর্জি মাপও নেন তাঁর। দর্জি বলেছিলেন, অন্তর্বাস তৈরির মজুরি বাবদ ৭০ টাকা দিতে হবে। তাতেই রাজি হয়ে যান কৃষ্ণকুমার দুবে।

এরপর নির্ধারিত দিনে দর্জির কাছ থেকে অন্তর্বাস ফেরত নিতে যান ওই ব্যক্তি। অভিযোগ, অন্তর্বাস হাতে পাওয়ার পর দেখেন তা মাপে বেশ ছোট। তাতে রেগে আগুন হয়ে যান কৃষ্ণকুমার দুবে। তিনি দর্জিকে বলেন, আবারও সঠিক মাপের অন্তর্বাস তৈরি করে দিতে হবে। তবে দর্জি তাতে রাজি হননি বলেই অভিযোগ। তাতে আরও মাথা গরম হয়ে যায় ওই ব্যক্তির।
কৃষ্ণকুমার দুবে বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন তিনি থানায় এই ঘটনার অভিযোগ জানাবেন। সেই অনুযায়ী পুলিশের দ্বারস্থ হন তিনি। প্রথমে অভিযোগ শুনে কী করা উচিত তা বুঝতে পারছিলেন না পুলিশকর্মীরাও। পরে যদিও পুলিশ ওই দর্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
Reporter Aniruddha Benerjee

বাড়ি না ক্যামেরা! আজব ঘর বানিয়ে তাক লাগালেন কর্ণাটকের যুবক

Web Desk: প্যাশনের টানে কেউ ঘর ছাড়ে। কেই আবার প্যাশনকে প্রফেশন করেন। কারোর কারোর অবশ্য সেই প্যাশনকে নিয়ে এগিয়ে চলার সৌভাগ্য হয় না। রাতের আধাঁরে চোখের জলে মিশে যায় সেই প্যাশন। কিন্ত নিজের প্যাশনকে বাড়ির নকশায় ফুটিয়ে তুলেছেন, এমন খবর পেয়েছেন কি? সম্প্রতি কর্ণাটকে সেরকমই এক ব্যাক্তির হদিশ মিলেছে। ক্যামেরার আদলে বাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন কর্ণাটকের এক ব্যক্তি।

কর্ণাটকের বেলগামের বাসিন্দা রবি হাঙ্গল। ছোট থেকেই ছবি তুলতে ভালবাসেন তিনি। বড় হয়ে পেশা হিসাবে ফোটোগ্রাফিকেই বেছে নিয়েছেন। সম্প্রতি নিজের বাড়ি বানিয়েছেন তিনি। সেই বাড়ি ডিজাইন করেছেন ক্যামেরার আদলেই। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক ভৈরব সিংহ নিজের টুইটার হ্যান্ডল থেকে রবি হাঙ্গলের বাড়ির ছবি শেয়ার করেছেন। তারপরই সেই বাড়ির ডিজাইন নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

বাড়িটি তিনতলা। বাড়ি’টিকে সামনে থেকে দেখলে মনে হবে, বিশালাকার একটি ক্যামেরা দাঁড় করানো রয়েছে। জানা গিয়েছে, বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে ৯৫ হাজার ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭১ লক্ষ টাকা। তবে ফোটোগ্রাফির প্রতি ভালবাসা শুধু বাড়ি তৈরির  করেই প্রকাশ করেননি রবি। তাঁর তিনটি ছেলেরও নাম দিয়েছেন ক্যামেরার নামে। রবি তাঁর তিন ছেলের নাম রেখেছেন ক্যানন, নিকন, এপসন। প্যাশনের প্রতি এমন ভালবাসা দেখা যায় কি! সেই চর্চায় মজেছে নেটিজেনরা। 
Reporter Aniruddha Benerjee

ঠিক যেন মানুষের মতো! অদ্ভূতদর্শন ‘মাছ’কে ঘিরে আলোড়ন নেটদুনিয়ায়

Web Desk: ঠিক যেন মানুষের মতো। কিন্তু মানুষ নয়। মানুষের মতো দাঁত আছে, ঠোঁট আছে। কিন্তু মানুষ নয়। মালয়েশিয়ায় ধরা পড়া এক অদ্ভুতদর্শন মাছকে ঘিরেই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের দাবি, যে মাছটির কথা বলা হচ্ছে, সেটির মুখাবয়ব অবিকল মানুষের মতো।

সদ্য মালয়েশিয়ায় ধরা পড়েছে অদ্ভুতদর্শন ‘মাছ’টি। সোশ্যাল মিডিয়ায় এটির কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনরা দাবি করছেন, মাছটির দাঁত ও ঠোঁট একেবারে মানুষের মতো। মুখের গড়নও অনেকটাই মানুষের মতো। কিন্তু মুশকিল হল, ভাইরাল এই ছবিগুলি আসল না নকল, বোঝবার জো নেই। কারণ, ফটোশপের কেরামতিতে এই ধরনের ছবি তৈরি করাটা খুব একটা কঠিন কাজ নয়। তবে শোনা যাচ্ছে মালয়েশিয়ায় যে মাছটি ধরা পড়েছে সেটির নাম ‘ট্রিগার ফিশ’ (Triggerfish)। সাধারণত এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই মাছ দেখা যায়। মাছটির শরীরে দুটি রং। আর দুটি রঙকে ভাগ করছে লাল রঙের একটি রেখা। মাছটির মুখ বেশ লম্বা। এর দাঁত এবং ঠোঁট অনেকটা মানুষের আদলেরই হয়।

এই অদ্ভুদদর্শন মাছটির ছবি সত্যিই অবাক করে। ঠিক মানুষের মতো মুখমণ্ডলের মাছ! সেটাও হয়। নেটদুনিয়া যেন বিশ্বাসই করতে পারছে না। অনেকে আবার আক্ষেপের সুরে বলছে, বিপুলা এই পৃথিবীর কতটুকুই বা জানি! তবে এই ছবিগুলির সঙ্গে বাস্তবের কতটা মিল আছে, তা নিয়ে সংশয় থাকছেই। কারণ, এই ছবিটি টুইটারে প্রথম আপাতত এই ট্রিগার ফিশটিকে দেখেই নেটদুনিয়ায় হইচই শুরু হয়েছে। অনেকেই ফটোশপ করে মাছটিকে আরও বেশি করে মানুষের মতো রূপ দেওয়ার চেষ্টা করছেন।
Reporter Aniruddha Benerjee

যাত্রীবোঝাই চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ চালকের, পাশবিক ঘটনা উত্তরপ্রদেশে

Web Desk: যোগীর রাজ্যে ফের ভূলুন্ঠিত নারীর সম্মান। উত্তরপ্রদেশে যাত্রীবোঝাই চলন্ত বাসের মধ্যেই এক মহিলাকে ধর্ষণ করল চালক। প্রতাপগড় থেকে নয়ডা দূরপাল্লার বাসে যাচ্ছিলেন ২৫ বছরের ওই তরুণী। তাঁর সঙ্গে একটি বাচ্চাও ছিল। অভিযোগ, বাসের চালক তাঁকে ধর্ষণ করে। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে বিজেপি শাসিত রাজ্যে নারীসুরক্ষা।

জানা গিয়েছে, ওভারনাইট স্লিপার বাসে উঠেছিলেন ওই তরুণী। বাসে আরও ১২-১৩ জন যাত্রী ছিলেন। তাঁরা স্লিপারে শুয়ে ছিলেন। সেই সময় সবার ঘুমের সুযোগ নিয়ে তরুণীকে ধর্ষণ করে বাসের চালক। তাঁর সঙ্গে আরও দু’জন এই নারকীয় কাণ্ড ঘটায় বলে অভিযোগ। নির্যাতিতা গৌতম বুদ্ধনগরে পৌঁছে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, তরুণীর স্বামী সবজি বিক্রেতা। দূরপাল্লার বাসে দুজন চালক ছিল। তাদের মধ্যে একজন ওই তরুণীকে ধর্ষণ করে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে।
Reporter Aniruddha Benerjee

অমানবিক উত্তরপাড়া! বৃদ্ধের মৃত্যুতেও এগিয়ে এল না কেউ, দিনভর দেহ আগলে বসে রইল ছেলে

Web Desk: ফের অমানবিক ঘটনার সাক্ষী হয়ে থাকল উত্তরপাড়া (Uttarpara)। তিন দিন ধরে অসুস্থ থাকার পর বুধবার সকালে মৃত্যু হয় এক বৃদ্ধের। সহযোগিতা তো দূর, মৃত্যু সংবাদ পেয়েও করোনা আতঙ্কে তাঁর খোঁজ নেওয়ার প্রয়োজনটুকুও অনুভব করেননি কেউ। ফলে সারাদিন বাবার দেহ আগলে বসে রইল মানসিক ভারসাম্যহীন ছেলে। পরে সন্ধেয় হুগলির তৃণমূল সভাপতি দিলীপ যাদবের উদ্যোগে বৃদ্ধের দেহ উদ্ধারের ব্যবস্থা করা হয়। পরিজনদের এহেন আচরণে বাকরুদ্ধ সকলে।

জানা গিয়েছে, মৃত পুলক রঞ্জন বেরা অবসরপ্রাপ্ত রেলকর্মী। দীর্ঘদিন আগে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। সেই থেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে ছেলে। এরপর থেকে উত্তরপাড়ার বি কে স্ট্রিটের একটি আবাসনে একমাত্র ছেলের সঙ্গেই বাস ওই বৃদ্ধের। সূত্রের খবর, তিন দিন আগে অসুস্থ হয়ে পড়েন পুলকবাবু। প্রতিবেশীদেরও সেকথা জানিয়েছিলেন তিনি। আত্মীয় স্বজনকেও ফোন করেন। কিন্তু কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বলেই অভিযোগ। মানসিক অবসাদগ্রস্ত ছেলেও বাবার কথা একে-ওকে বলেছেন। কিন্তু কেউই ফিরে তাকাননি। অভিমানে শেষ পর্যন্ত কাউকে বলা ছেড়ে দেন তিনি। অবশেষে বুধবার সকালে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন বৃদ্ধ। তারপর থেকে বাবার দেহ আঁকড়ে ধরে শুধু কেঁদেছে ছেলে, আর বাবাকে ডেকেছে। কিন্তু কেউ এগিয়ে আসেনি।
Reporter Aniruddha Benerjee

BJP-র কেন্দ্রীয় বৈঠকে শোভন; তবে কি বাংলা দখলের ঘাঁটি সাজাচ্ছে পদ্ম শিবির!

Web Desk: ২১ শে বাংলায় পদ্ম শিবিরের সরকার গড়তে মরিয়া ভারতীয় জনতা পার্টি তথা গেরুয়া শিবির। করোনা ভাইরাস মহামারির আবহেও ভার্চুয়াল বৈঠকে প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে একাধিক বিজেপি নেতৃত্ব। তবে বহুদিন বাদে বিজেপি গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক পেলেন শোভন চট্টোপাধ্যায়। শোভনের বিজেপিতে যোগ দেওয়ার পর বারবার উঠেছে একাধিক প্রশ্ন। তবে একুশের নির্বাচনের আগে শোভনের সঙ্গে বৈঠক ভাবাচ্ছে।

জাতীয় স্তরের নেতা-মন্ত্রীদের নিয়ে দিল্লিতে আগামী সোমবার বৈঠকে বসবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জানা গিয়েছে, সেই বৈঠকে অংশগ্রহণ করতে চলেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার পূর্বতন মেয়র শোভন চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, সোমবারের বৈঠকের মূল বিষয় থাকছে ২০২১ সালের বিধানসভা নির্বাচন। সেই দিকে নজর রেখে নির্বাচনী প্রচারের পূর্ণাঙ্গ পরিকল্পনা করার উদ্দেশেই বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
Reporter Aniruddha Benerjee

গোটা বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন ৬.২৫ লক্ষ, আক্রান্ত ১.৫ কোটির বেশি!

Web Desk: করোনা ভাইরাস সংক্রমণে গোটা বিশ্বে এখনও ‌পর্যন্ত ৬.২৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি বুধবার পর্যন্ত ১.৫ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন। ওয়াল্ড মিটারের শেষ আপডেটে এমনটাই জানা গিয়েছে।

 বৃহস্পতিবার ভোর পর্যন্ত গোটা বিশ্ব জুড়ে ১ কোটি ৫৩ লক্ষ ৬৩ হাজার ৬৯৭ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রান হারিয়েছেন ৬ লক্ষ ২৫ হাজার ৪১২ জন। পাশাপাশি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৩ লক্ষ ৪০ হাজার ৮৯৩ জন। গোটা বিশ্বে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৫৩ লক্ষ ৯৭ হাজার ৩৯২। এদের মধ্যে ৬৬ হাজার ১৭৬ জনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর।
Reporter Aniruddha Benerjee

অজান্তেই হ্যান্ড স্যানিটাইজার ডেকে আনছে বিপদ, ক্ষতিকর এলকোহল শরীরে ভয়ানক প্ৰভাব ফেলতে পারে

Web Desk: করোনা ভাইরাস মহামারিতে হ্যান্ড স্যানিটাইজার এখন গৃহস্থালির এক নতুন অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এখন ঘরে বা বাইরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার খুবই প্রয়োজন। কিন্তু এই হ্যান্ড স্যানিটাইজারের অত্যাধিক ব্যবহারে অজান্তেই ডেকে আনছে বিপদ। কারন এতে থাকা এলকোহল জীবাণুনাশক‌ করলেও তা‌ আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। সম্প্রতি ফুড এন্ড ড্রাগ এডমিনিষ্ট্রেশন জানিয়েছেন, কিছু স্যানিটাইজারে ক্ষতিকর এলকোহল রয়েছে যা শরীরে ভয়ানক প্ৰভাব ফেলতে পারে। এর জেরে অন্ধও হয়ে যেতে পারে কেউ। এছাড়াও আরও সমস্যা দেখা দিতে পারে।

 ফুড এন্ড ড্রাগ এডমিনিষ্ট্রেশন(FDA) জানিয়েছে, কিছু কিছু হ্যান্ড স্যানিটাইজারের আবশ্যিক উপাদান হিসেবে ইথানল ব্যবহৃত হচ্ছে। যা পরে মিথানল হিসাবে পজিটিভ হয়ে পড়ছে। যা ‘কাঠের এলকোহল’ নামে পরিচিত। সম্প্রতি FDA ৬৯ টি উপাদানের তালিকা প্রকাশ করেছে, যা আপাতত গ্রাহকদের ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।  

জুলাই মাসে এক বিবৃতিতে জানান, “গ্রাহক ও স্বাস্থ্য পরিসেবা কর্মীদের মিথানল দিয়ে বানানো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে। এলকোহল বেসড স্যানিটাইজার ব্যবহার করার ক্ষেত্রে সবাইকে নিরাপদে রাখার দায়িত্ব পালনের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

মিথানল দিয়ে বানানো হ্যান্ড স্যানিটাইজার কতটা ক্ষতিকারক? আন্তর্জাতিক স্তরের স্বাস্থ্যদফতর ও সংস্থা জানাচ্ছে, বমি, মাথা যন্ত্রণা, অন্ধত্ব, অজ্ঞান হয়ে যাওয়া থেকে কোমা পর্যন্ত ঘটতে এই ধরনের হ্যান্ড স্যানিটাজার ব্যবহারের ফলে। বলা হয়েছে, ইথানলই একমাত্র এলকোহলের উপাদান যা কোনো গুরুতর কান্ড ঘটায় না তাই এমন এলকোহল ব্যবহার করতে হবে যাতে ন্যূনতম ৬০ শতাংশ ইথানল রয়েছে। কিন্তু কোনোভাবেই যেন মিথানল বেসড স্যানিটাইজার ব্যবহার না করা হয়।
Reporter Aniruddha Benerjee

মুষলধারে বৃষ্টিতে রাজধানী দিল্লির অভিজাত অশোকা রোডে ধস!

Web Desk: বিগত কয়েকদিনে ধরে মুষলধারে বৃষ্টিতে নাজেহাল অবস্থা গোটা দিল্লিতে। বৃষ্টির জলে ডুবে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। ভারী বর্ষনের ফলে রাস্তার উপর প্রায় বাসের সমান জল বেড়ে যায় রাজধানীর রাস্তায়। ধসের জেরে নর্দমায় ভেঙে আস্ত একটি বাড়ি। এবার সেই বৃষ্টির জেরে ধস নেমেছে রাস্তায়। 
রাজধানী দিল্লির অভিজাত এলাকায় বলেই পরিচিত অশোকা রোড‌। এবার সেই ভিআইপি এরিয়া অশোকা রোড‌র উপরেই প্রায় ১০ ফুট বাই ১০ ফুটের ধস নেমে বড়সড় গর্ত দেখা গেছে। দিল্লি পুলিশের অনুমান যে জলের পাইপ বসে যাওয়াতেই এত বড় গর্ত হয়ে গিয়েছে রাস্তায়। তবে এই ঘটনার জেরে কোনো দূর্ঘটনা ঘটেনি। এছাড়াও  বৃষ্টির ফলে দিল্লির বিভিন্ন জায়গায় কয়েক ঘণ্টার জন্য জল জমে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। 
Reporter Aniruddha Benerjee

বেফাঁস মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় ভুল স্বীকার করলেন ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব!

Web Desk: তিনি মুখ খুললেই বিতর্কের শেষ থাকে না।‌ বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যে বিতর্কের শীর্ষে থাকেন তিনি। এবার ফের আরও একবার তাঁর মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হল। যার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রিপুরার বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চাইলেন। পাঞ্জাবি ও জাট সম্প্রদায়ের মানুষরা ‘কম বুদ্ধিমান’, এমন মন্তব্য করে ফের হইচই ফেলে দিয়েছেন বিপ্লব। শেষমেশ প্রবল সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়ায় এহেন মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন।

সম্প্রতি আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছেন ”কথায় আছে, বুদ্ধিমত্তায় বাঙালিদের সঙ্গে কেউ চ্যলেঞ্জ নিতেপারেন না। কারণ, সকলে জানি, বাঙালিরা পরিচিত তাঁদের জ্ঞানের জন্য। কিন্তু যখন আমরা পাঞ্জাবের মানুষদের নিয়ে কথা বলি, আমরা সর্দার বলি বা পাঞ্জাবি বলি। তাঁদের হয়তো কম বুদ্ধি থাকতে পারে। কিন্তু তাঁরা খুবই শক্তিশালী হন। শক্তির পরীক্ষায় কেউ তাঁদের হারাতে পারবেন না…জাঠদের বুদ্ধি কম, কিন্তু তাঁরা খুবই শক্তিশালী। যদি কেউ কোনও জাঠ ব্যাক্তিকে চ্যলেঞ্জ করেন, তাহলে তিনি বাড়ি থেকে বন্দুক নিয়ে বেরোবেন”।

মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য প্রকাশ্যে‌ আসতেই বিতর্কের দান বাঁধে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ট্যুইটারে  একহাত নিয়ে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা লেখেন, ”লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক! বিজেপির ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পাঞ্জাবের শিখ ভাইদের ও হরিয়ানার জাঠ সম্প্রদায়ের মানুষকে কম বুদ্ধিমান বলেছেন, অপমান করেছেন। এটা আসলে বিজেপির নীচু মানসিকতার ফল। কেন খট্টরজি ও দুষ্যন্ত চৌটালা নীরবতা বজায় রেখেছেন? মোদীজি, নাড্ডাজি কোথায়? ক্ষমা চান, পদক্ষেপ করুন”।

সমালোচনার ঝড় উঠতেই মঙ্গলবার টুইটারে বিপ্লব লেখেন, ”পাঞ্জাব ও জাঠদের সম্পর্কে কিছু মানুষের ভাবনার কথা বলেছি। কোনও সম্প্রদায়কে আঘাত করার অভিপ্রায় ছিল না আমার। পাঞ্জাবি ও জাঠ সম্প্রদায়কে নিয়ে আমি গর্বিত। তাঁদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি”।
Reporter Aniruddha Benerjee