Web Desk: অবশেষে করোনা ভাইরাস টেষ্টের রিপোর্ট হাতে পেলেন সৌরভ গাঙ্গুলি। দেহে কোনো উপসর্গ দেখা না দিলেও কোনও ঝুঁকি নেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদা স্নেহাশিস গাঙ্গুলি ভাইরাসে সংক্রমিত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেও করোনা নমুনা টেস্ট করালেন বিসিসিআই সভাপতি দাদা।
শুক্রবার রাতেই করোনা টেস্টের রিপোর্ট হাতে পান সৌরভ। রিপোর্ট দেখে স্বস্তি মিলছে। কারন মহারাজের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও সৌরভের তরফে রিপোর্ট নিয়ে কোনও মন্তব্য সামনে আসেনি। ক্রিকেটমহলে স্বস্তি মিলেছে। যদিও বোর্ড সভাপতি আপাতত হোম কোয়ারান্টাইনেই রয়েছেন। বাড়ি থেকেই তিনি বিসিসিআইয়ের কাজ-কর্ম চালিয়ে যাচ্ছেন। Reporter Aniruddha Benerjee
Web Desk: করোনা ভাইরাস নির্মূল করতে গোটা বিশ্বজুড়ে চলছে ভ্যাকসিন তৈরি প্রস্তুতি। পাশাপাশি মানবদেহে চলছে পরীক্ষামূলক প্রয়োগ। গোটা বিশ্বের পাশাপাশি এই পরীক্ষায় পিছিয়ে নেই ভারত। দেশের তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হল। শুক্রবার দিল্লির AIIMS-এ এক যুবকের শরীরে কো-ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয় ।
এদিন AIIMS-র সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ও ভাইরাস গবেষণার প্রধান দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সঞ্জয় রায় জানান, শুক্রবার দুপুর দেড়টার সময় ইন্ট্রামাসকুলার ইঞ্জেকশনের মাধ্যমে দিল্লির ওই বাসিন্দার দেহে ০.৫ মিলিগ্রাম কো-ভ্যাকসিন পরীক্ষা মূলক ভাবে প্রয়োগ করা হয়। তারপর দু’ঘণ্টা পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয় ৷ তখনই তাঁর মধ্যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। আপাতত সাতদিন পর্যবেক্ষণে রাখা হবে ওই যুবককে। Reporter Aniruddha Benerjee
Web Desk: দেশের প্রথম কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হলেন। এদিন ট্যুইট করে আক্রান্ত হওয়ার কথা জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি হোম আইসোলেশনেই রয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে একাধিক বিধায়ক, সাংসদ সহ একাধিক রাজনৈতিক নেতৃত্বরা আক্রান্ত হলেও এই প্রথম কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হলেন। Reporter Aniruddha Benerjee
Web Desk: পারিবারিক সমস্যার জেরে গলায় ফাঁস লাগিয়ে ও গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানা এলাকার খলসেমারির।
পরিবার ও প্রতিবেশীদের দাবি, ছেলের জন্মদিন পালন নিয়ে শুক্রবার রাতে তুমুল বচসা হয় স্বামী-স্ত্রীর। এর পর আত্মঘাতী হন দুজনেই। জানা গিয়েছে, দম্পতির ছেলে স্থানীয় স্কুলে চতুর্থ শ্রেণির পড়ুয়া। আগামিকাল রবিবার তার জন্মদিন। ছেলের জন্মদিন পালন করবেন বলে স্বামী রাজেশ দে (৪০)-এর কাছে আবদার করেছিলেন স্ত্রী বিজয়া (৩৫)। করোনা সংক্রমণের মধ্যে এবছর ছেলের জন্মদিন পালন স্থগিত রাখার জন্য স্ত্রীকে অনুরোধ করেন স্বামী। এই নিয়েই বচসা বাঁধে ২ জনের। গভীর রাত পর্যন্ত স্বামী-স্ত্রীর ঝগড়ার আওয়াজ পাওয়া গিয়েছে। তার পর গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন বিজয়া। এরই মধ্যে বাড়ির পাশের জঙ্গলে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন স্বামী রাজেশ। আজ সকালে ২টি দেহই উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে শামুকতলা থানার পুলিশ। Reporter Aniruddha Benerjee
Web Desk: সামুদ্রিক এই মাছ দেখলেই নাকি ভয়ঙ্কর ভূমিকম্প হয় সেই বছর। তাই এই মাছের নাম দিয়েছেন ভূমিকম্প মাছ। ২০১১-য় জাপানের ফুকুশিমায় ভয়ঙ্কর ভূমিকম্পের ঠিক আগে এই মাছ ধরা পড়েছিল। স্থানীয় লোকজন যাকে বলে- ভূমিকম্পের মাছ। আবার সেই মাছ ধরা পড়ল।
সম্প্রতি মেক্সিকো উপকূলে ধরা পড়ল ১৩ ফুট লম্বা ওর ফিশ। ফলে আরও একবার লোকজনের মধ্যে ভূমিকম্পের আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, বাজা ক্যালিফোর্নিয়ার পিচিলিঞ্জ উপকূলে ধরা পড়েছে এই মাছ। ফার্নান্দো কাভালিন ও ডেভিড জাভেদোস্কি নামের দুজন এই মাছ ধরেছেন উপকূলবর্তী এলাকা থেকে। মাছটিকে অবশ্য ওই দুজন মৃত অবস্থায় উপকূল অঞ্চল থেকে উদ্ধার করেছে। আর তার পর থেকেই স্থানীয় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ২০১১ সালে এক লোকসঙ্গীত শিল্পী এই মাছ পেয়েছিলেন জাপানের উপকূল থেকে। তার পর ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। চলতি বছরেও কোয়ান্তানা রো অঞ্চলে এই মাছ ধরা পড়েছিল। তার পর মেক্সিকোর ওক্সাকাতে ভূমিকম্প হয়েছিল। এবার ফের এই মাছ দেখতে পাওয়ার বেশ চিন্তিত মানুষেরা। Reporter Aniruddha Benerjee
Web Desk: করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল রোগীর। এর জেরে হাসপাতালে তান্ডব চালাল মৃতের পরিজনরা। পাশাপাশি কর্মরত চিকিৎসককে মারধরের চেষ্টা, ও হাসপাতাল চত্বরে ভাঙচুর করে অ্যাম্বুল্যান্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভী।
জানা গেছে, কয়েকদিন আগে তীব্র শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে বেলাগাভীর এক হাসপাতালে ভর্তি হন ওই রোগী। এরপরে তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। ইতিমধ্যেই তাঁর অবস্থা আশঙ্কাজনক হতে থাকায় তাকে আইসিইউতে পাঠানোর হয়। এরপরেই আইসিইউতে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটে আসে পরিজনরা। এরপরেই হাসপাতাল লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। হাসপাতালের আইসিইউ-এর দায়িত্বে থাকা চিকিৎসককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করতে থাকে তারা। এর পরেই হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুল্যান্সে আগুন ধরিয়ে দেয় তারা। দাউ দাউ করে জ্বলতে থাকে অ্যাম্বুল্যান্স। পুরো হাসপাতাল চত্বর ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাহিনী ও পুলিশ কমিশনার। বিক্ষোভ নিয়ন্ত্রণ করে আগুন নেভানোর ব্যবস্থা করেন তাঁরা।
Web Desk: ক্রমাগত বাড়তে থাকা আলুর দাম নিয়ে ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলুর দাম নিয়ন্ত্রণে এবার পদক্ষেপ করল নবান্ন।
দাম কমানোর জন্য ব্যবসায়ীদের পাঁচদিন সময় বেঁধে দিল প্রশাসন। একইসঙ্গে কোল্ড স্টোরেজে আলু মজুত রাখার পরিমাণও নির্দিষ্ট করে দেওয়া হল এদিন।
খোলা বাজারে যাতে আলুর দাম নিয়ন্ত্রণে আসে তাই সুফল বাংলার মাধ্যমে রাজ্য সরকারের তরফে কম দামে আলু বিক্রিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত কয়েক দিন ধরে লাগাতার বেড়েই চলেছে আলুর দাম। বেশিরভাগ খোলা বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু ৩৫ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে।
কলকাতা থেকে শুরু করে জেলা হয়ে গ্রামীণ এলাকা, সব জায়গায় ছবিটা একই রকম। এতেই ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী। টাস্কফোর্সের সঙ্গে মিটিংয়ে অবিলম্বে আলুর দাম নিয়ন্ত্রণে আনার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
এদিন আলুর দাম নিয়ন্ত্রণে কী করনীয় তা নিয়ে নবান্নে একটি বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রবিবার থেকে রাজ্য সরকারের সুফল বাংলার স্টলে ২৫ টাকা করে প্রতি কিলো আলু বিক্রি করবে সরকার। এছাড়া আলুর দাম কমানোর জন্য ব্যবসায়ীদের পাঁচদিন সময় দেওয়া হয়েছে। তার মধ্যে দাম নিয়ন্ত্রণে না এলে পদক্ষেপ নেবে সরকার। মুখ্যমন্ত্রী গড়া টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, আলুর চাহিদা বাড়ার জন্যই দাম বেড়েছে। রাজ্যে আলুর উৎপাদনে কোনও খামতি নেই। কিন্তু এ রাজ্য থেকে বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগড় ও ওড়িশাতে আলু রফতানি করা হচ্ছে। ফলে উৎপাদন বেশি হলেও চাহিদা অনুযায়ী যোগান কমছে। তিনি আরও জানান, দাম বাড়ার আরও একটি কারণ হল আলু মজুত রাখা। দাম বাড়ানোর জন্য কোল্ড স্টোরেজে অনেকে আলু মজুত রাখছেন। ফলে বাজারে আলুর যোগান কম হচ্ছে। দাম বাড়ছে। এই কারণে সরকার এদিন সিদ্ধান্ত নিয়েছে, কোল্ড স্টোরেজে ৪০ বস্তার বেশি আলু কেউ মজুত করে রাখতে পারবেন না। Reporter Aniruddha Benerjee
Web Desk: অনলাইন শপিংয়ের মতো বন্দুক কেনাবেচা করতেও ওয়েবসাইট! যে ওয়েবসাইটের মাধ্যমে পছন্দসই বন্দুক দেখে নেওয়া ছাড়াও মিলছে লাইসেন্সও। একাধিক রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক ও ডেপুটি কালেক্টরেটের ভুয়ো স্ট্যাম্প বানিয়ে চলছে এই বেআইনি বন্দুক কারবার। জঙ্গলমহল পুরুলিয়ার কেন্দায় ছ’মাস আগের আগ্নেয়াস্ত্র পাচারের ঘটনায় লালগড় থানার বন্দুক মাওবাদীদের কাছে পাচার-সহ এই তথ্যও হাতে এল রাজ্যের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) কাছে। এই ওয়েবসাইটের মাধ্যমেই বিভিন্ন রাজ্যের দুষ্কৃতি গ্যাং ছাড়াও বাহুবলীদের কাছে বেআইনি বন্দুক পাচার হয়ে গিয়েছে বলে অভিযোগ। সেই ওয়েবসাইটের আবেদন পত্র ঘেঁটে এখন সেইসব বেআইনি বন্দুকের খোঁজ করছে এসটিএফ। এই ঘটনায় গত বুধবার বিহার থেকে ধৃত মাও লিঙ্ক ম্যান রবিকান্ত কুমারকে বৃহস্পতিবার পুরুলিয়া আদালতে তোলে রাজ্যের ওই বাহিনী। ধৃতের সাত দিন পুলিশ হেফাজত হয়েছে। এসটিএফ-র আইজি অজয় নন্দা বলেন, “ওয়েবসাইট খুলে আন্ত: রাজ্য বন্দুক পাচার চক্র চলার তথ্য হাতে এসেছে l ওয়েবসাইট খুলে বন্দুক পাচারের ঘটনা এই প্রথম l ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছেl” লালগড়ের উদ্ধার হওয়া বন্দুক পুরুলিয়ার চন্ডী কর্মকারের কাছ থেকে কেনে এই বন্দুক পাচার কারবারিরা বলে এসটিএফ জানিয়েছে l Reporter Aniruddha Benerjee
Web Desk: ১০১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শঙ্কর। আজ শুক্রবার সকালে তাঁর নাতনি শ্রীনন্দা শঙ্কর সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর পোস্ট করেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি । Reporter Aniruddha Benerjee
Web Desk: লকডাউনের জেরে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন জুনিয়র চিকিৎসক। মৃত ওই চিকিৎসকের নাম মানসী মণ্ডল। বছর ছাব্বিশের ওই ছাত্রী কলকাতা আর আহমেদ ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষের পিজিটি ছাত্রী ছিলেন। মৃতের ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। পুরুলিয়ার বাসিন্দা মানসী মণ্ডল নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজের ছাত্রী ছিলেন। পরে তিনি ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির জন্য স্নাতকোত্তর কোর্স করতে আর আহমেদ ডেন্টাল কলেজে সুযোগ পান । এখানেই পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অর্থাৎ পিজিটি হিসেবে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেন।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর সোয়া ১টা নাগাদ। হোস্টেলের বন্ধ ঘরের দরজা ভেঙে আত্মঘাতী জুনিয়র চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করে এন্টালি থানার পুলিশ। ঘরের ভিতর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে মানসিক অবসাদের কথা লেখা রয়েছে। সুইসাইড নোটে লেখা, জীবনের প্রতি আসক্তি হারিয়ে গিয়েছিল। স্বামী বেঙ্গালুরুতে থাকেন। মার্চ থেকে দেখা হয়নি। একথা বন্ধু বা রুমমেটদের একাধিকবার মানসী জানিয়েছিলেন বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে, এদিন সকালে বন্ধুদের ফোন করেন মানসী। ওই জুনিয়র ডাক্তার বন্ধুদের তখন জানান যে তিনি এখনই কলেজে যাচ্ছেন না। কয়েকটা ওষুধ খেয়ে তারপর যাবেন। কিন্তু তারপর আর তাঁকে কলেজে আসতে না দেখে, শুরু হয় খোঁজাখুঁজি। হস্টেলের ঘরে খোঁজ করতে এসে ঘরের দরজা খুলতে পারেন না লেডিস হস্টেলের সুপার। বিষয়টি তিনি তখনই কলেজ কর্তৃপক্ষকে জানান। সেইসময় এই ডেন্টাল কলেজকে করোনা হাসপাতাল হিসেবে তৈরির জন্য বৈঠক চলছিল। সুপারের কাছ থেকে খবর পেয়েই বৈঠক ছেড়ে সকলে ছোটেন লেডিস হস্টেলে। খবর দেওয়া হয় এন্টালি থানায়। খবর পেয়ে হস্টেল চলে আসে পুলিশ। শেষে ডাকাডাকিতেও সাড়া না মেলায়, পুলিশ দরজা ভাঙতেই মানসী মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। Reporter Aniruddha Benerjee